সুনামগঞ্জের শান্তিগঞ্জে মুদি দোকানের কাস্টমার নিয়ে কাটাকাটির জেরে আপন দুলাভাইয়ের আঘাতে আলাউদ্দিন (৫১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বিষয়টি জানিয়েছেন।
আলাউদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
আলাউদ্দিনের বোনকে বিয়ে করে কামাল মিয়া (৫২) ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়ি থাকতেন। পাশাপাশি মুদি দোকান দিয়ে তারা ব্যবসা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে এক স্কুলছাত্রী কিছু একটা কিনতে আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে কামালের দোকানে যায়। তখন আলাউদ্দিনকে উদ্দেশ্য করে কামাল প্রশ্ন করেন, তুমি আমার দোকানের কাস্টমার আটকানোর চেষ্টা করো কেন? এ নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, মুদি দোকানের কাস্টমার নিয়ে প্রথমে শালা দুলাভাইয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাভাই শালাকে রড দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
