তৃতীয় বারের মতো কেসিসি মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় বারের মতো কেসিসি মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় বারের মতো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেছেন তালুকদার আব্দুল খালেক। আজ বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

একই সঙ্গে কেসিসির সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্ৰহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবিরুল জব্বার।

২০০৮ সালের নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। ২০১৮ সালে দ্বিতীয়বার এবং চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

প্রসঙ্গত, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেছিলেন। গত ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ৩ জুলাই সিটি মেয়র শপথ গ্রহণ করেছিলেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয় ১০ অক্টোবর।