তাবলিগ জামাতে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘাত এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত শুরাপন্থী এবং মাওলানা সাদের অনুসারীরা আগে থেকে যে যেই মসজিদে কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের ওই মসজিদে কার্যক্রম অব্যাহত রাখতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বাক্ষরিত এক আদেশে এই কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, ‘মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবাদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
