আগামী মাসেই চালু হচ্ছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
বুধবার রাজধানীর এক হোটেলে মেট্রোরেল-১ এর ডিপো নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি।
এম এ এন সিদ্দিক আরও জানান, চলতি অর্থবছরেই কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল রেল পথ নির্মাণের কাজ শুরু হবে।
প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি-৬ লাইনের ১১ কিলোমিটার অংশে চলবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মেট্রোরেল। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশের বেশি।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, মূল লাইনে সমন্বিত ট্রেন চলাচল পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। আর ডিসেম্বরের শেষ সপ্তাহে উদ্বোধনের পর চালু হবে মেট্রোরেল সেবা।
এদিকে, চলতি অর্থবছরেই শুরু হচ্ছে কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল রেল পথ নির্মাণ।এ লক্ষ্যে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি এবং দেশীয় ম্যাক্স ইনফ্রাসট্রাকচারের সঙ্গে চুক্তি হয় প্রকল্প কর্তৃপক্ষের। নতুন বছরের প্রথমেই শুরু হবে ডিপো নির্মাণ। মাটির ৩০ থেকে ৭০ মিটার নিচ দিয়ে যাবে পাতাল রেল। মোট ১২টি ধাপে নির্মাণ শেষ হবে ২০২৬ সালে।
