ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন আসামিরা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন আসামিরা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ দিতে চাইলে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। ন্যায়বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। এছাড়া তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও-ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই উদ্যোগ। যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন। সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে।

বিচারে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নাই জানিয়ে তাজুল ইসলাম বলেন, বিচারে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। ছাত্র-জনতার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিচার হওয়াই লক্ষ্য।