ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালোপতাকা মিছিল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধায় মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, এই অবৈধ সংসদ ভারতের তাবেদারী সংসদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে ভারতীয় সকল পণ্যদ্রব্য বয়কট করার হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবি জানান।
এসময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

