ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ মামলা দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজেদুল ইসলাম ইশা।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে, সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন নিহত হানিফের ভাই।

তিনি আরও জানান, ট্রিপল মার্ডারে নিহত তিনজন হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) জনযুদ্ধের সামরিক কমান্ডার হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮), এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু (২৮)।

ওসি জানান, ঘটনার পরদিন শনিবার বিকেলে তিনজনের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয় ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে। এরপর সন্ধ্যার দিকে লাশ তিনটি স্ব-পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যতদূর জানি, রাতেই তাদের লাশ নিজ নিজ এলাকায় দাফন করা হয়।

এখনও পর্যন্ত কোন আসামি আটক করা যায়নি। তবে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।