ঝিনাইদহের সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আলী হোসেন (৭০) ও রবিউল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২০)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শী সাদিকুর রহমান ও নিহত মাহফুজুরের বাবা রবিউল ইসলাম বলেন, আজ ভোরে চারজন মিলে দুই আলমসাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলাম পাটখড়ি আনতে। ঘন কুয়াশার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। পথে মধুপুর নামক স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। তারপর ওদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন ঢাকা পোস্টকে জানান, নিহতরা সবাই আলমসাধুতে করে মাগুরায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে তাদের একটি গাড়ি উল্টে সড়কে পড়ে যায়। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। তাদের সঙ্গে অন্য আলমসাধুতে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।