ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি সদর উপজেলায় এক ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুদেব হালদার (২৮) উপজেলার বেতরা গ্রামের সুবোধ কান্তি হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তাঁর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মরদেহ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সুদেব হালদারের বাউকাঠি বাজারে একটি মোবাইল ফোনের দোকান ছিল। তিনি গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁর স্বজনেরা মোবাইল ফোনে বারবার কল করলেও কেউ ধরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, সুদেবের মাথায় কোপানো হয়েছে। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে জেলা পুলিশ সুপার, সিআইডিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।