জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে আরও মামলা থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন।

সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাকে বেধড়ক কিল-ঘুষি মারা হয়। এতে তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ সেপ্টেম্বর তাকে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগ ২৫ আগস্ট রাতে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সিলেটে মামলা হয়। কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে সিলেটের কানাইঘাট থানায় মামলাটি করেন।