পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে মো. ইছামুদ্দিন (৩০) নামের এক ব্যক্তি দা দিয়ে স্ত্রীকে আঘাত করছিলেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে নিজের মা-বাবাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। তাতে ঘটনাস্থলেই মারা যান তাঁর মা ছারেদা খাতুন (৬৫)। গতকাল শুক্রবার রাতে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইছামুদ্দিনের বাবা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুন (২৫)। তাঁদের মুমূর্ষু অবস্থায় প্রথমে চাটমোহর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ইছামুদ্দিন পলাতক রয়েছেন।
নিহত ছারেদা খাতুনের বড় ছেলে সাজিদুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইছামুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে স্ত্রী ডলি খাতুনের হাতে দা দিয়ে কোপ দেন ইছামুদ্দিন। তখন তাঁর মা ও বাবা থামাতে এগিয়ে গেলে তাঁদেরও দা দিয়ে কোপাতে থাকেন তিনি। ধারালো দায়ের আঘাতে ছারেদা খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তাঁর বাবা সোবাহান মোল্লা ও স্ত্রী ডলি খাতুন। তাঁদের রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

