ছেড়ে দেওয়া হয়েছে ৬ সমন্বয়ককে - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছেড়ে দেওয়া হয়েছে ৬ সমন্বয়ককে

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।

সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া অন্য সমন্বয়করা হলেন- মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। সে সময় তিনিসহ মোট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়।

নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তখন আমরা তাদেরকে কোন বাধা দেইনি। তারা চলে গেছো।

এর আগে, গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।

পরে রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক।

তাদের সই করা লিখিত বার্তায় বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত-নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই।’