চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর সদরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।

পিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মিল্লাত চৌধুরী (৩১)। তিনি গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মোবাইল ফোনের সঙ্গে যুক্ত ছিল। মোবাইল ফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে এলাকার ৫০/৬০ জন লোক তাকে পিটুনি দেন।

গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া দাবি করেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী ও এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে পাবলিক পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত মিল্লাত চৌধুরী নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দায়ে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছ। এ বিষয়ে নিহতের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।