চীন থেকে একদিন আগেই ফিরে আসছেন প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীন থেকে একদিন আগেই ফিরে আসছেন প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৯, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগেই দেশে ফিরে আসছেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা থাকলেও বুধবারই (১০ জুলাই) তিনি ফিরছেন। তবে কী কারণে তিনি সফর সংক্ষিপ্ত করছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (০৯ জুলাই) বেইজিংয়ে সাংবাদিকদের ব্রিফকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি জানান। তবে সফর সংক্ষিপ্ত হলেও নির্ধারিত সব কর্মসূচি শেষ করেই সরকারপ্রধান দেশে ফিরছেন বলে জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান জানান, ১০ জুলাই বেইজিং সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজাললাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বেইজিংয়ে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরটি ৮ থেকে ১১ জুলাই হওয়ার কথা ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সকল বৈঠক সম্পন্ন এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনো কিছু না থাকায় ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বেইজিং থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে সংবাদ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রসঙ্গত, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গতকাল সোমবার (৮ জুলাই) চার দিনে সফরে চীনে যান প্রধানমন্ত্রী।