চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্য তাদের চাকরি ফেরত পাচ্ছেন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দফতর জানায়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

সদর দফতর থেকে বলা হয়, এসব সদস্যকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এছাড়া যারা বরখাস্ত, অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।