চাঁদাবাজির অভিযোগে একই থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগে একই থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের সবাইকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের ক্লোজড করা হয়। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে তাদের ক্লোজড করা হয়েছে। ক্লোজড করা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে দুজন এসআই, দুজন এএসআই ও ৯ কনস্টেবল রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, কিপেস চন্দ্র রায়, সাগর চন্দ্র দাস ও মেহেদী হোসেন।

উল্লেখ্য, শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। এরপর তদন্ত শুরু হয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।