ঘুষ গ্রহ‌ণের অভি‌যোগে খুলনায় এলজিইডির প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ গ্রহ‌ণের অভি‌যোগে খুলনায় এলজিইডির প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৫, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঠিকাদারী কাজে এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খুলনার কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসা‌মি হা‌বিবুল্লাহ আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী।

দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হন এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগষ্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এসএম হাবিবুল্লাহ বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলার বড়বা‌ড়িয়া গ্রমের জ‌নৈক বোরহান উদ্দিনের ছেলে।