গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে ভাড়ায় চালিত অটোরিকশাযোগে পাঁচ যাত্রী কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী ও অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ আশপাশের হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা জাহিদের স্ত্রীসহ দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদ বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।