গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

জনবার্তা প্রতিবেদন
মে ১৫, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বিষয়টি জানিয়েছেন।

সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়াশোনা করতো।

নিহত শিশুর মা সাজেদা খাতুন বলেন, দুপুরের দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে এসে উদ্ভট আচরণ করতে থাকে। এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে বা গলায় লিচুর বিচি আটকে আছে কি না, এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।