খুলনা- ৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদায়) প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলা সদরের কাজদিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- পারভেজ মল্লিক গ্রুপের শান্ত (৩৭), শাহজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮) এবং হেলাল গ্রুপের জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও ইমরান শেখ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে টিএস বাহিরদিয়া ইউনিয়ন ও রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে পারভেজ মল্লিকের সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএনপির হেলালপন্থী কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পারভেজ মল্লিক রাজনৈতিক কার্যালয়ে আশ্রয় নিলে সেখানে হামলা ও ভাঙচুর করা হয়। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে অবরুদ্ধ পারভেজ মল্লিককে পুলিশ উদ্ধার করে। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন-তাদের ওপর এমন বর্বরোচিত আক্রমণ অগ্রহণযোগ্য।
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিক অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে আমি দলীয় কর্মী-সমর্থক নিয়ে রূপসার কাজদিয়া বাজারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে যায়। এ সময় আমাদের ওপর কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের অনুসারীরা সশস্ত্র হামলা করে। এত আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনা সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই পক্ষকেই শান্ত করা হয়েছে। এছাড়া ঘটনার কারণ উদঘাটনে জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান ও সুলতান মাহমুদকে সদস্য করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনিরুজ্জামান মন্টু আরো বলেন, ঘটনার পর পারভেজ মল্লিকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি প্রোগ্রাম শেষ করে তেরখাদায় ফিরে গেছেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সকলকে ঐ জায়গা থেকে সরিয়ে দিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
