খুলনায় এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৩, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুবৃত্তরা। এজলাস কক্ষের জানালা দিয়ে এ পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিসংযোগের কারণে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ভাঙা জানালা দিয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ফলে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া, আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে। পরে মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লিরা তা টের পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা জানাজানি হলে আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা রয়েছে।

জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।