খুলনায় একই রাতে দুই খুন, গুলিবিদ্ধ ২ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় একই রাতে দুই খুন, গুলিবিদ্ধ ২

জনবার্তা প্রতিবেদন
জুন ২৭, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় পৃথক ঘটনায় একই রাতে দুজনকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এসব হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত এবং আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সন্ত্রাসী সাব্বির (২৭) গুলিতে নিহত হন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গুলিবিদ্ধ অপর যুবক মিরাজ চিকিৎসা শেষে পালিয়ে গেছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেট ‘বি কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর দুই প্রধান সহযোগী কাউয়া মিরাজ এবং সাব্বির। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রূপসা থানাধীন আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে গোলাগুলি হয়। ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। গুলিবিদ্ধ কাউয়া মিরাজ অস্ত্রের ভয় দেখিয়ে নার্গিস মেমোরিয়াল নামে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। তাদের অপর সহযোগী সাদ্দাম মাথায় গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হন এবং পরে তাকে ঢাকায় রেফার করা হয়।

ঘটনাস্থল থেকে ছয়টি খালি কার্টিজ, চারটি জীবিত কার্টিজ, কিছু ইয়াবা ট্যাবলেট ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে গ্রেনেড সদৃশ একটি বস্তু পাওয়া গেছে।

অপরদিকে, একই রাতে নগরীর হরিণটানা এলাকায় জবাই করে বাবলু দত্ত (৫০) নামের এক বালু ও জমির ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাত ১০টার দিকে রাজবন্ধ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু দত্ত ওই এলাকার অমূল্য দত্তের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, বাইরের কাজ সেরে বাবলু দত্ত মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে একটি ফাঁকা প্লটে নিয়ে যায় এবং সেখানেই জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ধারালো ছুরি দিয়ে বাবলু দত্তকে হত্যা করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, একই রাতে দুটি হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।