খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৩, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। বরং দিন দিন অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবশেষ শুক্রবার (১২ জুলাই) রাত থেকে তার লিভারের সমস্যা বেড়েছে, যাকে আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা।

এর আগে হৃদযন্ত্রে পেসমেকার বসিয়ে বাসায় নেওয়ার ছয় দিনের মাথায় গত ৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মিত চিকিৎসা নেওয়া বেসরকারি এই হাসপাতালটির আইসিইউ সুবিধাসম্বলিত কেবিনে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, গত চার দিনে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার হার্ট, লিভারসহ শারীরিক অন্যান্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে তার চিকিৎসা অব্যাহত রেখেছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ-সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন আছেন।