মানুষ নিজের কাজের কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। আবার কোনো কাজ না করার কারণেও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই দু’ধরণের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রিয়নবী (স.) দোয়া করতেন।
যে দোয়া পড়ে তিনি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতেন, সেই দোয়াটি হলো— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি মা আমালতু ওয়ামিন শাররি মা লাম আ’মাল।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই আমার কৃতকর্মের ক্ষতি থেকে এবং যে কাজ আমি (এখনো) করিনি তার অনিষ্ট থেকে।’
ফারওয়া ইবনে নাওফাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) যেসব বাক্যে দোয়া করতেন, আমি আয়েশা (রা.)-এর নিকট সেই দোয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি জানালেন যে রাসুলুল্লাহ (স.) উল্লেখিত দোয়াটি পড়তেন। (ইবনে মাজাহ: ৩৮৩৯; সুনানে নাসায়ি: ১৩১০)
সুতরাং নবীজির উম্মত হিসেবে আমাদের উচিত, হাদিসের অনুসরণে উল্লেখিত দোয়াটি পড়ে কৃতকর্ম ও না করা কাজের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। সবরকম ক্ষতি থেকে রক্ষা করুন আমিন।
