কিশোরগঞ্জের ভোটের লাইনে ১০ম শ্রেণির শিক্ষার্থী! - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ভোটের লাইনে ১০ম শ্রেণির শিক্ষার্থী!

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দেখা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে। পাকুন্দিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। মূলত স্থানীয় এক আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ভোটকেন্দ্রের বাইরে থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তিকে এনে লাইনে দাঁড় করালে তাদের সঙ্গে দশম শ্রেণির ওই শিক্ষার্থীও চলে আসে লাইনে।

কিশোরগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন পুলিশের সাবেক কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। ঈগল প্রতীকে স্বতন্ত্রভাবে লড়াই করছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে জয় পাওয়া সোহরাব উদ্দিন। ট্রাক প্রতীকে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (আব) আখতারুজ্জামান রঞ্জন। তাঁকে সমর্থন করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। মেজর রঞ্জনের ভূমিকার কারণে এই আসন নিয়ে সারা দেশের মানুষের কৌতূহল থাকলেও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি।

এই চিত্রই যেন দেখা গেল পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ে। সকাল দশটায় এই কেন্দ্রে একজন ভোটারের উপস্থিতিও দেখা যায়নি। সাংবাদিকদের দেখে এগিয়ে এলেন প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ। এলেন নৌকার এজেন্ট দেওয়ান আলী হোসেন। এই প্রতিবেদককে ফাঁকা ভোট কেন্দ্রের ছবি না নেওয়ারও অনুরোধ করেন তিনি। হোসেন বলেন, ফাঁকা কেন্দ্রের ছবি তোলাটা তাদের মান-ইজ্জতের প্রশ্ন। পরে ভোটকেন্দ্রের বাইরে থেকে দশ-বারোজনকে ধরে এনে লাইনে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। এদের মধ্যে দেখা যায় ১৫ বছর বয়সী এক কিশোরকে। দশম শ্রেণির শিক্ষার্থী সে।

লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বুথ সংখ্যা ৭ টি। ভোটার ৩২৬। সকাল দশটা পর্যন্ত ভোট পড়েছে ১৫৮টি। স্থানীয় একজন জানান, সকাল থেকে কোনো ভোটার ভোট দিতে আসেনি। নাম প্রকাশ না করার শর্তে এক পোলিং কর্মকর্তা বলেন, ‘যে কয়টা ভোট পড়েছে এগুলো আওয়ামী লীগের এজেন্টরাই দিয়ে দিয়েছে।’

তবে সকাল পৌনে নয়টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নে চকদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দেখা যায় ভিন্ন চিত্র। কেন্দ্রটিতে কিছু ভোটারের উপস্থিতি দেখা গেছে। এই কেন্দ্রের পাশেই স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দীনের বাড়ি। সকাল পৌনে নয়টার দিকে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো বলে মন্তব্য করেন সোহরাব। তিনি বলেন, ‘বেশ ভালো পরিবেশ। মানুষ ভোট দিতে আসছে। কোনো সমস্যা দেখছি না। শেষ পর্যন্ত পরিবেশ ঠিক থাকলে আমিই জয় পাব।’

কেন্দ্রটিতে কত ভোট পড়েছে সে তথ্য দিতে পারেননি প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘কিছু ভোটার এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি আরও ভোট পড়বে।’ এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৭৩।

সাড়ে দশটায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহীদ আলাউদ্দীন উচ্চবিদ্যালয়ে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। তবে কেন্দ্রের মাঠে নৌকার লোকজনের সঙ্গে ইগল প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। কেন্দ্রটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুইটি কেন্দ্র রয়েছে।

এদিকে, বেলা সাড়ে এগারোটায় পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রে এসে ভোটকেন্দ্র ফাঁকা দেখা গেছে। প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ বলেন, ‘কেন্দ্রের বাইরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ জড়ো হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোট নিতে কোনো সমস্যা হয়নি।’ পৌনে বারোটার দিকে বিজিবির একটি দলকে কেন্দ্র পাহারা দিতে দেখা যায়।

অন্যদিকে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের কিশোরগঞ্জ পৌর এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই থেকে তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘পটকা ফোটার আওয়াজ হয়েছে। ককটেলের নয়।’

এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। মূলত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাই ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে।’

ছবির ক্যাপশনে-পাকুন্দিয়া পৌরসভার লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ ভোটারের লাইনে (লাল গোল চিহ্নে) ৷ অন্য ছবিতে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র ফাঁকা। ছবি রোববার (০৭ জানুয়ারি) সকালে তোলা।
সূত্র : আজকের পত্রিকা

NA 3