কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

জানা যায়, নিহতের নাম শিহাব। তিনি পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা।

নিহত শিহাবের বাবা নাছির উদ্দিন কক্সবাজার পিটিআই-এর সাবেক সুপার। মা আমেনা খাতুন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনীর ঘাঁটি ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চিঠিতে স্বাক্ষর করেন আইএসপিআর-এর সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকা।

বেলা দেড়টার দিকে ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাবোক্তগীন মাহমুদ বলেন, দুপুরে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে শিহাবের মৃত্যু হয়েছে। আঘাতে তাঁর মাথার পেছনের অংশ (খুলি) উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে মাথায় জখম লেগেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।