কক্সবাজারে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রত্নাপালং ইউনিয়নে এবং রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপালং ইউনিয়নের কাটিরমাথা এলাকার মৃত তাতু বড়ুয়ার ছেলে জিশু বড়ুয়া নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা মল্লিকা বড়ুয়া বলেন, আমার ছেলে সুস্থ ছিল। কেন এমন কাজ করল বুঝে উঠতে পারছি না।

একইদিন ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের কন্যা আসমা আক্তার গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের মা জরিনা বেগম জানান, তিনি মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে অকাল মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইভাবে বেড়েছে মারামারি, খুন-খারাবি ও আত্মহত্যার প্রবণতা। এসব থেকে ফিরে আসতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, উভয় ঘটনার খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর আইনগত প্রক্রিয়া অনুযায়ী মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।