এনবিআর থেকে ছাগলকাণ্ডের মতিউরকে অবসর, প্রজ্ঞাপন জারি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনবিআর থেকে ছাগলকাণ্ডের মতিউরকে অবসর, প্রজ্ঞাপন জারি

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩১, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে অবসরে পাঠানো হয়েছে। তিনি এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন।

বুধবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল ও বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাতের নামের এক তরুণ। পরে ওই তরুণ এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে জানা জানি হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়।

ইফাতকে একপর্যায়ে নিজের ছেলের পরিচয় দিতে অস্বীকৃতিও জানান মতিউর। এরপর সামাজিকমাধ্যমে তাকে নিয়ে ট্রলের বিরুদ্ধে সাইবার আইনে মামলার হুমকি দেন। তবে আর মামলা করেননি।