উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশের একাধিক টিম সেখানে গিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ৯টা ১২ মিনিটের দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে নিউমার্কেট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে থানার পুলিশ সদস্যরা রয়েছেন। ওসিসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

এদিকে আগামীকাল সোমবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। রায়কে কেন্দ্র করে গত সপ্তাহজুড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সহিংসতার ঘটনা ঘটছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগের ১৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।