ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ শুরু - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ শুরু

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৭, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দুর্ঘটনার পর ৭ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা ও খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ। পাবনার ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ।

বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী তেলের খালি ওয়াগন নিয়ে একটি ট্রেন রওনা করার পর ঈশ্বরদী লেভেল ক্রসিং গেইট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে পুশিং এ আসা মালবাহী শানটিং ওয়াগনে আঘাত করে। এতে মালবাহী ২টি ওয়াগনের ৮ চাকা এবং লোকোমোটিভের সবগুলো চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর প্রায় এক ঘণ্টা পর তেলবাহী ট্রেনকে উদ্ধার করা হয়।

এদিকে ঘটনা তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে দুই ট্রেনের চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।