কারাগারে থাকা সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে তেজগাঁও থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন গ্রেফতার দেখানোর এই আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষে সিনিয়র আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সে আবেদন নামঞ্জুর করেন।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু তৃতীয় দফায় রিমান্ডে ছিলেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া। ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।
গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৭ আগস্ট আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় মেননের ছয় দিনের রিমান্ড দেয়া হয়।
গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার হন সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেফতার হন পলক। পরে রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন সিকদার হত্যা মামলায় এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।
সাংবাদিক দম্পতি শাকিল ও রুপাকে ২১ আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। পরদিন তাদের উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
