আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৬, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

সোমবার (৫ আগস্ট) রাতে এসব টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজভর্তি এই টাকা উদ্ধার করেন।

শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে তা নিয়ন্ত্রণে আনে।

কিন্তু রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলার কক্ষে আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেড়িয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। পরে এ বিষয়টি জেলা প্রশাসককে জানাই। এরপর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।