আন্দোলন স্থগিত করলেন ইশরাক, দিলেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন স্থগিত করলেন ইশরাক, দিলেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জনবার্তা প্রতিবেদন
মে ২২, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন আন্দোলন করেন তার সমর্থকরা। এর মধ্যেই মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। এদিকে মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলছেন ইশরাক।পরে বিকেলে কাকরাইল মোড়ে এসে সমর্থকদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না, এই মাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হলো, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, দফা এক দাবি এক নির্বাচিত সরকার, যমুনারে যমুনা শপথ ছাড়া যাব না— বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।