আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা - জনবার্তা
ঢাকা, , |

আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২১, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা তাঁদের চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতিপত্র জারি করার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

এ তথ্য নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, ‘আন্দোলন প্রত্যাহার করা হয়েছে, আগামীকাল থেকেই আমরা নিয়মিত ক্লাসে ফিরব।’

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। পরবর্তী বাজেট থেকে এই ভাতা ১৫ শতাংশে উন্নীত করা হবে।

এর আগে, গত রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় প্রাথমিকভাবে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা সেই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। অবশেষে মন্ত্রণালয়ের নতুন সম্মতিপত্র জারির পর শিক্ষক সমাজ তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।