আচরণবিধি ভঙ্গ করায় স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি ভঙ্গ করায় স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আচরণবিধি ভঙ্গের কারণে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক চিঠিতে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।

আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।

চিঠিতে ইসি জানায়, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন।

রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন— মর্মে অভিযোগ করে গত ৩০ ডিসেম্বর পবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ইসি সচিবালয়ের সচিব বরাবর পত্র প্রেরণ করেন।

এর পরিপ্রেক্ষিতে এই প্রার্থীকে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পত্র প্রেরণ করা হয়। এরপর বর্ণিত প্রার্থী উল্লিখিত তারিখে ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে কমিশনের কাছে ব্যাখ্যা দেন।

এছাড়া, এ অভিযোগের সত্যতা যাচাইয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে তদন্তের জন্য ইসি সদয় নির্দেশনা দেয়। পরে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা রয়েছে— মর্মে তদন্ত প্রতিবেদন পাঠান।

ওই প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন— মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বরে ইসিতে পাঠান সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদন, নির্বাচনী অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থীর নির্বাচনী ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়। পরে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

চিঠিতে বলা হয়, এমতাবস্থায়, আপনার (হাবিবুর রহমান পবন) বিরুদ্ধে বর্ণিত নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে আপনার প্রার্থিতা বাতিল করা হলো।