আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার এবারের আসরের সমাপ্তি - জনবার্তা
ঢাকা, , |

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার এবারের আসরের সমাপ্তি

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। গুনাহ মাফের পাশাপাশি, মুসলমানদের ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন মুসল্লিরা। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

ফজরের নামাজ শেষে চলে বয়ান। বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ। বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ। তারপর শুরু হয় হেদায়াতি বয়ান।

সকাল ১১টা ১৭ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

মুসল্লিরা যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। এ সময় কান্নায় বুক ভাসান তারা।

২৬ মিনিট ব্যাপী মোনাজাতে হাফেজ মাওলানা ইউসুফ বিন সাদ প্রথম ১১ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১৫ মিনিট দোয়া করেন হিন্দি ভাষায়।

আজকের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে পৌঁছান। সকাল ১০টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

আগামী মঙ্গলবারের মধ্যে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা ইজতেমা মাঠ ত্যাগ করবেন। মাঠ বুঝে নেবে প্রশাসন।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৭ তম বিশ্ব ইজতেমার এবারের আসর।