অনির্দিষ্টকালের জন্য টেন মিনিট স্কুল বন্ধ ঘোষণা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য টেন মিনিট স্কুল বন্ধ ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।

এর আগে গত ১৬ জুলাই টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে একই ঘোষণা দেন।

২০১৫ সালে অনলাইন শিক্ষাপ্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠানটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করে থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে।

বর্তমানে টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট থেকে প্রতি মাসে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।