৮৪ কোটি টাকা আত্মসাৎ, রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা বরখাস্ত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮৪ কোটি টাকা আত্মসাৎ, রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা বরখাস্ত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ভুয়া এলসি খুলে ৮৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপালী ব্যাংক খুলনার সামস বিল্ডিং শাখার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা খুঁজে পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ব্যাংকের ডিজিএম জাকির ইবনে বোরাক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হোসেন।

রূপালী ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে জানান, গত সপ্তাহে তাদেরকে বরখাস্ত করা হয়।

রূপালী ব্যাংক খুলনার স্যার ইকবাল রোডের সামস বিল্ডিং শাখার ডিজিএম বিলকিস বেগম জানান, ব্যাংকের বৈদেশিক শাখায় অনিয়ম ধরা পড়ায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সাত সদস্যের একটি টিম তদন্ত করে। তাদের সুপারিশের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জাহাঙ্গীর হোসেন জানান, মেসার্স প্রিয়াম ফিস এক্সপোর্ট লি. ৩২টি এলসির ৫৬ কোটি টাকা এবং মেসার্স বায়োনিক সিফুড এক্সপোর্ট লি. ২১টি এলসির ২৮ কোটি টাকায় অনিয়ম ধরা পড়ে। এই কাজে সহায়তার জন্য এই শাখার সাবেক ডিজিএম জাকির ইবনে বোরাক এবং ফরেন এক্সচেঞ্জ-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

এ ব্যাপারে প্রিয়াম ফিস এক্সপোর্ট লি. মালিক শেখ মো. আব্দুল কাদের জানান, টাকা লেনদেন সংক্রান্ত একটি সমস্যা হয়েছে। ইতোমধ্যে কিছু টাকা ব্যাংকে ফেরত দেওয়া হয়েছে এবং বাকি টাকা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।