৮০ শতাংশের বেশি দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮০ শতাংশের বেশি দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৭, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারী-শিশুরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে যারা ৮০ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন তাদের প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা এখন পর্যন্ত কাউকেই আশঙ্কার বাইরে রাখছি না। সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

সামন্ত লাল সেন বলেন, ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম ত্রুটি রাখা হচ্ছে না। আমরা শেষ সময় পর্যন্ত আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে দগ্ধ রোগীদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যেতে থাকব।

মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক শাহান আরা বানুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হন নারী-শিশুসহ ৩২ জন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইন্সটিটিউটে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পাঁচজন মারা যান।

NA 3