৫ ঘণ্টা চেষ্টায় খুলনায় পাটকলের আগুন আংশিক নিয়ন্ত্রণে - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ ঘণ্টা চেষ্টায় খুলনায় পাটকলের আগুন আংশিক নিয়ন্ত্রণে

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৪, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার রূপসায় সালাম জুট মিলের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। পাঁচ ঘণ্টার বেশি সময়ের চেষ্টার পর রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ফায়ার ইউনিটের সমন্বিত ১৬টি ইউনিট আগুন আংশিক নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

সালাম জুট মিলের ম্যানেজার বশির আহমেদ জানান, তিন নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর অল্প সময়ের মধ্যে দুই ও এক নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, তিনটি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল। যার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। কাঁচাপাট ছিল এক হাজার ৩০০ টন; যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাটকলের শ্রমিকরা জানান, বিকালে হঠাৎ করে জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনীর সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

জানা যায়, মিলটিতে প্রায় ৪০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। ঈদের আগে আগুন লাগায় তাদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শঙ্কায় রয়েছেন তারা।

এই বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১৬ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন এখনো জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ডাম্পিং কাজ শুরু হয়েছে।