১৪ জানুয়ারি সারাদেশে আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৪ জানুয়ারি সারাদেশে আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১১, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন বাতিলে দাবি ও তৃতীয়বারের মতো ‘জনগণের ভোটাধিকার হরণের’ প্রতিবাদে আগামী ১৪ জানুয়ারি সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বৃহস্পতিবার সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্যে মোর্চার আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, ‘গত ৭ জানুয়ারি তথাকথিত নির্বাচনের নামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাও উপস্থিত হয়নি। রয়টার্স, বিবিসি, ডয়চে ভেলে বাংলা এবং বিশ্বের বহুল প্রচারিত স্বনামধন্য সংবাদমাধ্যম ৭ তারিখের কথিত ভোটে ভোটারের উপস্থিতি সর্বোচ্চ ২ থেকে ৫ শতাংশ বলে উল্লেখ করেছে।

‘১৯৭৫-এর ২৫ জানুয়ারি সংসদে যেভাবে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তিত হয়, ঠিক সেভাবেই গত ৭ জানুযারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছে বলে দেশের জনগণ মনে করে।’

জয়নুল আবেদীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২৫ হাজারের বেশি বন্দিকে অবিলম্বে মুক্তি এবং সরকারের ‘ফরমায়েশি’ রায় বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক মহসীন রশীদ, বারের সাবেক সম্পাদক বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ অনেকে।

NA 3