১০ বছরে দেশে শ্রমজীবী শিশুর সংখ্যা বেড়েছে - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ বছরে দেশে শ্রমজীবী শিশুর সংখ্যা বেড়েছে

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৪, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে ১০ বছরের ব্যবধানে শ্রমজীবী শিশু বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন। ২০২২ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী শ্রমজীবী শিশুর সংখ্যা ছিল ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন, যা ২০১৩ সালে ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯। একই সঙ্গে দেশে শিশুশ্রমিক বেড়েছে ৭৭ হাজার ২০৩ জন। ৫ থেকে ১৭ বছর বয়সী শ্রমজীবী শিশুদের নিয়ে এই জরিপ করা হয়।

গত মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে ন্যাশনাল চাইল্ড লেবার সার্ভে ২০২২-এর প্রভিশনাল প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রকল্প উপপরিচালক মো. সাদ্দাম হোসেন খান এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, জাতীয় শিশুশ্ৰম জরিপ-২০২২ ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে, ৫-১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা হলো ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫ জন বা ৩৯ দশমিক ৯৬ মিলিয়ন। তাদের মধ্যে যথাক্রমে শ্রমজীবী ২০২২ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী শিশু শ্রমিক ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন (৮ দশমিক ৯ শতাংশ) এবং শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন (৪ দশমিক ৪ শতাংশ) ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত রয়েছে এ ধরনের শিশুর সংখ্যা ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন (২ দশমিক ৭ শতাংশ)। যেখানে ২০১৩ সালের শিশুশ্রম জরিপে দেখা গেছে যে, ৫-১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে যথাক্রমে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ সংখ্যক (৮ দশমিক ৭ শতাংশ) শ্রমজীবী শিশু এবং শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ (৪ দশমিক ৩ শতাংশ) ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন (৩ দশমিক ২ শতাংশ)।

জাতীয় শিশুশ্রম জরিপ-২০১৩ এবং ২০২২-এর ফলাফলের তুলনা করলে দেখা যায় যে, ২০১৩ সালের তুলনায় ২০২২ সালে শিশু এবং শিশুশ্রমে নিয়োজিত শিশুদের সংখ্যা সামান্য বেড়েছে।

গত ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় এই বৃদ্ধি খুবই নগণ্য। তবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের এই উল্লেখযোগ্য হ্রাস আমাদের দেশ থেকে শিশুশ্রম নির্মূল করার জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের কারণে সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ অনুযায়ী ৫১ দশমিক ৭৯ শতাংশ হলো পুরুষ শিশু এবং বাকি ৪৮ দশমিক ২১ শতাংশ মেয়ে শিশু। এর মধ্যে ২৭ লাখ ৩৪ হাজার ৪৪ জন পুরুষ শিশু এবং ৮ লাখ ২ হাজার ৮৮৩ জন নারী শিশু রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ড. শাহনাজ আরেফিন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর মাটি ক্যানেল ও আইলও, ঢাকা, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুওমো পাউটিয়াইলেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, ‘জনসংখ্যা বাড়ার কারণে শিশুশ্রম কিছুটা বেড়েছে তবে আমাদের ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা কমেছে। আমাদের আগামী দুই বছর সামনে রয়েছে। শিশুশ্রম নিরসনে আমাদের ২৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে।’ এখানে শুধু শ্রম মন্ত্রণালয় নয়, সব নিয়ে কাজ করলে শিশুশ্রম নিরসন হবে বলে তিনি মনে করেন।

জাতীয় শিশুশ্রম জরিপের উদ্দেশ্য ছিল শ্রমজীবী শিশুর সংখ্যা, শিশুশ্রম এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা চিহ্নিত করা, বিভিন্ন সেক্টর, লিঙ্গ, অবস্থান এবং পরিবার অনুযায়ী শিশু জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করা।

NA 3