সুন্দরবনে ফের আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ফের আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৩, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত ২৩ বছরে ২৭ বার আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই রোববার (২৩ মার্চ) সকালে পার্শ্ববর্তী ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলা এলাকায় ফের আগুন লাগে।

সুন্দরবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বন বিভাগ ও পরিবেশকর্মীরা। গত ২৩ বছর সুন্দরবনে ২৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার সবগুলোই সুন্দরবন পশ্চিম বন বিভাগে এবং লোকালয় সংলগ্ন ভোলা নদীর পার্শ্ববর্তী চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে।

বন বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে। বনজীবীদের দাবি, এক শ্রেণির অসাধু লোক বনে আগুন দেয়। তারা কারেন্ট জাল দিয়ে বর্ষায় মাছ ধরে।

শনিবারের আগুন নেভাতে যাওয়া বনজীবীরা জানান, বনে বন মোরগ ধরার ফাঁদ এবং মোরগ-মুরগির পালক দেখতে পেয়েছেন। এতে বোঝা যায়, সংরক্ষিত বনাঞ্চলে মানুষের অবাধ বিচরণ রয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।

প্রতিবারই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। গতবারের আগুনের ঘটনায়ও ‘কর্ডন’ বা ‘ফায়ার লাইন’ তৈরি করতে বেগ পেতে হয়েছে। লোকালয় থেকে দূরে এবং পানির উৎসের দূরত্ব বেশি হওয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে।

সুন্দরবনে বারবার আগুনের ঘটনায় ক্ষুব্ধ পরিবেশকর্মীরা। সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী নূর আলম শেখ বলেন, সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন এবারই প্রথম নয়। এর আগেও এখানে আগুন লেগেছিল। সেই পোড়া গাছের কয়লা হয়ে যাওয়া গোড়ার অংশ এখনো রয়েছে। প্রতি বছরই বর্ষার আগে এই আগুন দেওয়া হয়। যে কোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে।