সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

জনবার্তা প্রতিবেদন
মে ২০, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম (২৫) হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) সকালে জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মো. মনোয়ার হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার রায়ের সময় সরকারি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাজা মিয়া ও অপর ছেলে বসু মিয়া, হরিনাথপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল হক, দরগাপাড়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মুজাহিদ শেখ, মাদারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান প্রধানের ছেলে সাইফুল ইসলাম এবং সাঘাটা উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।

মামলার ৭ নম্বর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিদের কেউ আদালতে ছিলেন না। সকলেই পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, নওগাঁ জেলা সদরের বলিহার ইউনিয়নের কিসমত-কসবা গ্রামের আব্দুর রহমানের ছেলে নাজমুল ইসলাম সবজি বিক্রেতা। নওগাঁর চক গৌরিহাট থেকে সবজি কিনে তিনি ঢাকায় বিক্রি করতেন।

২০১৭ সালের ১০ আগস্ট সবজি বিক্রেতা নাজমুল সবজি বিক্রি করে ঢাকার বাইপাইল থেকে বাড়ি ফিরছিলেন। পরে তাকে পথে অপহরণ করা হয়। নাজমুলকে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে সবজি ব্যবসায়ী নাজমুলকে হত্যা করে তারা। অপহরণের ২দিন পর সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন রুপসি বাংলা হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হলে তদন্ত শুরু করে পুলিশ। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের নিকট অপহরণকারীদের ফোনের কল লিস্ট এর সূত্র ধরে তদন্ত করা হয়।