সালমান ও পলক আবারও রিমান্ডে - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালমান ও পলক আবারও রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৫, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক ৭ দিনের রিমান্ড চান। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগরের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন তারা। হত্যাচেষ্টা মামলায় ফের তাদের আজ রিমান্ড দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীম। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত ২৮ নভেম্বর আহত মো. শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।