সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবো - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করবো

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সারা দেশে সব ধরনের গাড়ি চলবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন।

আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এই কথা বলেন।

তিনি বলেন, সোমবার সারা দেশের সব ধরনের গাড়ি চলবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করব। আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে, আর যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা নিরলস দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী হত্যা মামলার আসামি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে মিলিয়ে দলটি ১৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে লকডাউনের ডাক দেয়। এর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া। লকডাউন চলাকালে প্রায় ২০টি পরিবহনে অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটে এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে শ্রমিক জুলহাস ড্রাইভারকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যখন অন্তর্বর্তী সরকার কাজ করছে, তখন আওয়ামী লীগ পর্দার আড়াল থেকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে আবারও ১৬ ও ১৭ নভেম্বর নতুন করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে এসব লকডাউন, অগ্নিসন্ত্রাস ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছি। জনগণও আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

হুমায়ূন কবির খান ক্ষতিগ্রস্ত শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু প্রমুখ।