সারদা থেকে এসপি তানভীর আটক - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারদা থেকে এসপি তানভীর আটক

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহীর সারদার পুলিশ অ্যাকাডেমি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবে।

এর আগে তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

জানা গেছে, তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। কর্মজীবনে তিনি রেকর্ড ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। তানভীর সালেহীন ২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান।