সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধামরাইয়ের (ঢাকা-২০) সাবেক সংসদ সদস্য এম এ মালেক এবং রংপুরে আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (৫ মার্চ) রাতে তাকে রাজধানীর মিরপুর থেকে সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।
তিনি বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আগামীকাল রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।
অপরদিকে রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।
গ্রেফতার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।
