সাতক্ষীরায় জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক গ্রেপ্তার : খুলনা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক গ্রেপ্তার : খুলনা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৮, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহাদ্দিস আব্দুল খালেক (৬৫) সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাবউদ্দিন সানার ছেলে।

ধলবাড়িয়া গ্রামের জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তবে তার ছেলে হাসানুল বান্না তার বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও বেশি কিছু বলতে চাননি। তবে তাকে কোথায় রাখা হয়েছে তাও তারা জানতে পারেননি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিতুল ইসলাম শুক্রবার বিকাল ৪টার দিকে সাংবাদিকদের কাছে মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা জেলার সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেককে সাতক্ষীরা সদর থানাধীন আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের নিজ বাসার মসজিদ থেকে জুম্মাবাদ সদর থানা ও ডিবি পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা অঞ্চলের জামায়াত নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুছ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান জালেম সরকার দীর্ঘ দিন যাবত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না।

নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে জনগণের ন্যায় সংগত অধিকার আদায়ের কোনো আন্দোলনকে দমন করা যায়নি। এখনো যাবে না ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলুম-নিপীড়ন বন্ধ করে গ্রেফতার হওয়া মুহাদ্দিস আব্দুল খালেকসহ সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।