সাড়ে নয় কোটি টাকার ডায়মন্ডের আংটি ও অন্যান্য গহনাসহ আটক ১ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে নয় কোটি টাকার ডায়মন্ডের আংটি ও অন্যান্য গহনাসহ আটক ১

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি ২টি পায়েল একটি বেচলেট, তিনটি বালা ও ১২ টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান সহ চালককে আটক করা হয়েছে।

এ অভিযোগে যশোরের শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভুলোট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দলের বিজিবি সদস্যরা। নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মোঃ হাফিজুর (৫৩)কে আটক করে তারা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল এবং ০১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করে। যার আনুমানিক মূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।